আর মাত্র ৮ দিন বাকি। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু আগামী ২৫ জুন সকাল ১০ টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
সরকারের মূল আয়োজন থাকবে পদ্মার দুই পাড়ে। আর আওয়ামী লীগ এবার তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পদ্মা সেতু যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী এবং পদ্মা সেতুর উদ্বোধন যুগপৎভাবে পালন করবে আওয়ামী লীগ।
এদিকে সেতু বিভাগ সূত্রে জানা যায়, ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সেতু উদ্বোধন করে সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর গাড়িতে চড়ে সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে আরেকটি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেতু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া সেতু উদ্বোধনের কারণে ২৫ জুন মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি, কাঁঠালবাড়ী ও বাংলাবাজার ফেরিঘাট বন্ধ থাকবে। এই পথে যাতায়াতকারীদের ওই দিন পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচল করতে পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।